Skip to content
Latest stories

Stock news

বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের পরিশোধের সময়সীমা ও প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদেরডিভিডেন্ড পরিশোধ করতে হবে। তবে যৌক্তিক কারণে এ সময়ের মধ্যেডিভিডেন্ড বিতরণ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, আগের বিধান অনুযায়ী, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বার্ষিক ডিভিডেন্ড এবং রেকর্ড তারিখের পরবর্তী ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী ডিভিডেন্ড বিতরণ করতে হতো। কিন্তু বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধের ক্ষেত্রে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এই সনদ পেতে অনেক সময় দুই থেকে তিন মাস পর্যন্ত লেগে যায়। ফলে কোম্পানিগুলোর সদিচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়া সম্ভব হতো না। তিনি আরও বলেন, নতুন নির্দেশনার ফলে বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার পর ডিভিডেন্ড পরিশোধের জন্য ৩০ দিন সময় পাওয়া যাবে। এতে কোম্পানিগুলোর বিধিবিধান পরিপালন সহজ হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য ডিভিডেন্ড পাবেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play