Stock news
বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
শেয়ারবাজারের আলোচিত-সমালোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু এবং তার পরিবারের সদস্যসহ মোট সাতজন ব্যক্তির ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর থেকে শর্তসাপেক্ষে জব্দ (ফ্রিজ) আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট এসব হিসাব জব্দ করা হয়েছিল।
কমিশনের এক সভায় গৃহীত সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী, সচল হওয়া ৯৩টি বিও হিসাবের মধ্যে সর্বোচ্চ ৩২টি হিসাব রয়েছে আবুল খায়ের হিরুর নামে। এ ছাড়া কাজী সাদিয়া হাসানের ২৩টি, সাজেদুর রহমানের ১১টি এবং কনিকা আফরোজের ১০টি বিও হিসাবের জব্দ আদেশ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আবুল কালাম মাতবরের ৮টি, ফেরদৌসী বেগমের ৫টি এবং সাজেদ মাদবরের ৪টি হিসাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা।
তবে নিজস্ব জব্দ আদেশ তুলে নিলেও অর্থ ও শেয়ারের অননুমোদিত উত্তোলন বা স্থানান্তর ঠেকাতে কঠোর শর্ত জুড়ে দিয়েছে বিএসইসি। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট বিও হিসাবগুলোর ওপর আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বা অন্য কোনো যথাযথ কর্তৃপক্ষের জব্দ বা নিষেধাজ্ঞার আদেশ বলবৎ না থাকলেই কেবল এই আদেশ কার্যকর হবে। আদেশটি কার্যকরের আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) হিসাবগুলোর বর্তমান অবস্থা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে।