Stock news
১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
দীর্ঘ ১৬ বছর পর দেশের শেয়ারবাজারে আবারও চালু হচ্ছে সরাসরি তালিকাভুক্তির সুযোগ। নতুন বিধিমালার আওতায় বহুজাতিক কোম্পানি ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।স্টক মার্কেট ডেটা
দেশের শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি ও বড় করপোরেট প্রতিষ্ঠান আকৃষ্ট করতে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পুনরায় চালু করেছে সরকার। এ লক্ষ্যে ১৬ বছর পর ডাইরেক্ট লিস্টিং পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ-সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।বাংলাদেশ বন্ড
নতুন বিধিমালার ফলে দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানি (এমএনসি) এবং দেশীয় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নতুন বিধিমালা অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানায় রয়েছে, সেসব প্রতিষ্ঠানও এ সুযোগ পাবে।
সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন কোম্পানির জন্যও সরাসরি তালিকাভুক্তির পথ খুলেছে। পাশাপাশি সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কমপক্ষে ৫০০ কোটি টাকা নিট সম্পদ রয়েছে—এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি তালিকাভুক্তির যোগ্য হবে।
এ ছাড়া যেসব কোম্পানির বার্ষিক ব্যবসায়িক লেনদেন বা টার্নওভার কমপক্ষে ১ হাজার কোটি টাকা, তারাও নতুন নিয়মের আওতায় সরাসরি শেয়ারবাজারে আসতে পারবে।
দেশীয় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। কোম্পানিকে টানা অন্তত পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে। পাশাপাশি সর্বশেষ দুই অর্থবছরে মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে মুনাফা অর্জন করতে হবে।
তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানির অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকারের পরামর্শে নির্ধারিত রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম দামে শেয়ার অফার করার বিধান রাখা হয়েছে।