Stock news
আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে আসছে ওয়ান-স্টপ সিস্টেম
শেয়ারবাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কমিশন সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সংস্কারমূলক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজারের এই বহুমাত্রিক সংস্কার বিনিয়োগকারীদের হারানো আস্থা ফেরাতে এবং শেয়ারবাজারকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।মানচিত্র দেখুন
দীর্ঘদিন ধরে আইপিও অনুমোদনের ক্ষেত্রে চলে আসা দীর্ঘসূত্রিতা ও জটিলতা দূর করতে একটি সমন্বিত ‘সিঙ্গেল উইন্ডো’ রিভিউ সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন এই ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জগুলো প্রধানত আইপিও আবেদনগুলো পর্যালোচনা করবে এবং পরবর্তীতে নিজেদের অনুসন্ধান ও কমিশনের পর্যবেক্ষণ একত্রিত করে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসিতে সুপারিশ পাঠাবে। প্রায় তিন বছর ধরে শেয়ারবাজারে চলা আইপিও খরা কাটিয়ে সম্প্রতি বেশ কিছু কোম্পানি তহবিল সংগ্রহের জন্য আবেদন করেছে। এমন একটি সময়ে এই নতুন উদ্যোগটি গ্রহণ করায় তা আইপিও প্রক্রিয়ার দ্বৈততা ও অপ্রয়োজনীয় জটিলতা দূর করে প্রক্রিয়াটিকে আরও সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী করবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।