Stock news
উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংকের নিজস্ব ১৮ তলা প্রধান কার্যালয় ভবনের চারটি ফ্লোর দীর্ঘ ১৪ বছর ধরে নামমাত্র ভাড়ায় ব্যবহার করছে আফতাব গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান। চুক্তিতে প্রতি দুই বছর অন্তর বাজারদর অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণের বিধান থাকলেও তা কার্যকর হয়নি। ফলে ব্যাংকটির সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হওয়ার পরিমাণ অন্তত ৬২ কোটি টাকা বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকটির শীর্ষ দুই কর্তার স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে। উত্তরা ব্যাংকের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম আফতাব গ্রুপের নির্বাহী চেয়ারম্যান এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তাঁদের প্রভাবেই ব্যাংক ব্যবস্থাপনা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংকের একাধিক নির্দেশনা ও তাগাদাও এ ক্ষেত্রে কার্যকর হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন এবং অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।মানচিত্র দেখুন
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা সম্ভব হয়নি। মতিঝিলের বাণিজ্যিক এলাকায় মেট্রোরেল-সংলগ্ন ব্যাংক ভবনের চারটি ফ্লোরের প্রায় ৮ হাজার বর্গফুট জায়গা আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কাছে প্রতি বর্গফুট মাত্র ৬৫ টাকা হারে ভাড়া দেওয়া হয়। অথচ একই ভবনের অন্যান্য জায়গা তুলনামূলক বেশি দামে ভাড়া দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বর্গফুটে ২৮০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।