এনবিআর সূত্রে জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকি ঠেকাতে সংস্থাটি আন্তর্জাতিক কর শাখা নতুনভাবে সাজাতে চায়। ২০১৪ সালে গঠিত ট্রান্সফার প্রাইসিং সেলকে নতুন আন্তর্জাতিক কর ইউনিটের অধীনে আনা হচ্ছে। ইউনিটের জন্য পৃথক কার্যালয় ভাড়ার সিদ্ধান্তও হয়েছে।
ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের হিসাবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষতি প্রায় ১২৭ কোটি ডলার, যার প্রায় ১২০ কোটি ডলার করপোরেট কর থেকে।
এনবিআরের এক পদস্থ কর্মকর্তা জানান, প্রথম ধাপে বিদ্যমান বিধিবিধান পর্যালোচনা হবে এবং ট্রান্সফার প্রাইসিং কার্যকর করতে আয়কর আইন সংশোধন লাগবে কি না, তা যাচাই করা হবে। দেশীয় কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমেও মুনাফা স্থানান্তর হচ্ছে কি না, টিপি সেল তা পর্যবেক্ষণ করবে।