Stock news
বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
বহুজাতিক প্রতিষ্ঠানের আন্তঃসীমান্ত লেনদেনের আড়ালে মুনাফা স্থানান্তর এবং কর ফাঁকির প্রবণতা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই লক্ষ্যে সংস্থাটির আন্তর্জাতিক কর শাখাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। ২০১৪ সালে গঠিত ট্রান্সফার প্রাইসিং (টিপি) সেলকে নতুন আন্তর্জাতিক কর ইউনিটের (আইটিইউ) আওতায় নেওয়া হচ্ছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সরকারি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে চায় এনবিআর। নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কার্যালয় ভাড়া নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক করসংক্রান্ত কাজগুলো আরও সমন্বিত ও গতিশীল করা সম্ভব হবে।
আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর রাজস্ব মিলিয়ে বাংলাদেশের ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ কোটি ডলার। এর মধ্যে করপোরেট কর থেকেই হারিয়েছে প্রায় ১২০ কোটি ডলার। এই বিপুল রাজস্ব ক্ষতি কমানোই নতুন উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।বাংলাদেশ বন্ড
এনবিআরের এক পদস্থ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক কর ইউনিট গঠনের প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আন্তর্জাতিক করসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান পর্যালোচনা করা হবে। বিশেষ করে ট্রান্সফার প্রাইসিং কার্যকর করতে আয়কর আইনে কোনো সংশোধন প্রয়োজন কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি শুধু বহুজাতিক প্রতিষ্ঠান নয়, দেশীয় কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমেও মুনাফা স্থানান্তর হচ্ছে কি না, সেটিও পর্যবেক্ষণ করবে টিপি সেল। এ জন্য আন্তর্জাতিক করবিধি আরও কার্যকর ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।