Skip to content
Latest stories

Stock news

চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে হিসাবরক্ষণ সংক্রান্ত বড় ধরনের গরমিল, সুশাসনের দুর্বলতা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন নিরীক্ষকরা। সম্পদ মূল্যায়ন, অবচয় (ডিপ্রিসিয়েশন) হিসাব, অসমন্বিত অগ্রিম অর্থ, অনুমোদনহীন আন্তঃকোম্পানি লেনদেন এবং আর্থিক প্রতিবেদনের সঙ্গে ভ্যাট রিটার্নের তথ্যে এই বিস্তর অমিল পাওয়া গেছে। অভিযুক্ত কোম্পানিগুলো হলো— টেকনো ড্রাগস, আমান কটন ফাইব্রাস, সাফকো স্পিনিং মিলস এবং লিগ্যাসি ফুটওয়্যার। এতে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। টেকনো ড্রাগস: সম্পদ বাড়লেও অর্ধেকে নেমেছে অবচয় ব্যয় ২০২৫-২৬ অর্থবছরে টেকনো ড্রাগস ১২০ কোটি টাকার নতুন স্থায়ী সম্পদ যুক্ত করেছে, যা আগের অর্থবছরের (৩৮ কোটি ৯৩ লাখ টাকা) তুলনায় ২০৮ দশমিক ১ শতাংশ বেশি। এর ফলে কোম্পানিটির স্থায়ী সম্পদের নিট মূল্য ২৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অথচ স্থায়ী সম্পদ ব্যাপকভাবে বাড়ার পরও কোম্পানিটির বার্ষিক অবচয় ব্যয় আগের বছরের তুলনায় ৪৪ দশমিক ৩ শতাংশ কমে ১৯ কোটি ৬৮ লাখ টাকায় নেমে এসেছে। সাধারণত নতুন যন্ত্রপাতি বা স্থাপনা যুক্ত হলে অবচয় ব্যয় বাড়ার কথা। সম্পদ দ্বিগুণের বেশি বেড়েও অবচয় ব্যয় প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় নতুন সম্পদগুলো সঠিকভাবে হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক। আমান কটন ফাইব্রাস: আইপিও অর্থ ফেলে রাখা ও অনুমোদনহীন লেনদেন চলতি বছরের জুন পর্যন্ত আমান কটন ফাইব্রাসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৭১ কোটি ৭৫ লাখ টাকা অব্যবহৃত পড়ে আছে। ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও তহবিল ব্যবহারে এই দীর্ঘসূত্রতা কোম্পানির বিনিয়োগ পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া কোম্পানির দেখানো ৪৪ কোটি ৭৫ লাখ টাকা অগ্রিমের মধ্যে ১৩ কোটি ৪৮ লাখ টাকা বছরজুড়ে অপরিবর্তিত ছিল, যা আদায় হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই সহযোগী প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোং এবং আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসকে ১১ কোটি ৮৯ লাখ টাকা ঋণ ও অগ্রিম দেওয়া হয়েছে। এসব লেনদেনের আসল ও সুদের হিসাবও সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play