Stock news
শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজার থেকে নতুন করে মূলধন সংগ্রহের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ছয়টি কোম্পানি সম্মিলিতভাবে ৬১২ কোটি টাকার বেশি সংগ্রহের আবেদন করেছে। বিদ্যুৎ, তৈরি পোশাক, প্যাকেজিং, আর্থিক সেবা ও প্রযুক্তি খাতের এসব প্রতিষ্ঠানের আবেদনে শেয়ারবাজারে নতুন আইপিও কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।
আবেদনকারী ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। কোম্পানিটি ৪০০ কোটি টাকা সংগ্রহের আবেদন করেছে। অন্যদিকে পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ৭৮ কোটি টাকা, স্ক্যান্ডেক্স (বিডি) ৫৫ কোটি টাকা, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ টাকা, ডিজিকন টেকনোলজিস ৩০ কোটি টাকা এবং প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা তুলতে চায়।
গত দুই বছরের বেশি সময় ধরে দেশের শেয়ারবাজারে নতুন আইপিও কার্যক্রম প্রায় স্থবির ছিল। অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর পাবলিক অফারসংক্রান্ত বিধিমালা পর্যালোচনা ও সংশোধনের কারণে নতুন কোম্পানির আবেদন আসেনি। পরবর্তী সময়ে আইপিওর নিয়মকানুনে পরিবর্তন এবং আবেদন প্রক্রিয়ার কিছু জটিলতা কমানো হলে আবারও শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে বিভিন্ন কোম্পানি।
আবেদন করা ছয় প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে এবং একটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।